নটর ডেম কলেজ পুনর্নিরীক্ষণের মাধ্যমে এসএসসি ২০২৬-এর ফল পরিবর্তন হওয়া এবং ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা অর্জনকারী শিক্ষার্থীদের জন্য নির্দেশনা প্রকাশ করেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুনর্নিরীক্ষণের মাধ্যমে ফল পরিবর্তন হয়ে ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা অর্জনকারী শিক্ষার্থীদের আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টার মধ্যে ফলাফল পরিবর্তনের সব ধরনের প্রমাণপত্রসহ সরাসরি কলেজ অফিসে যোগাযোগ করতে হবে।

এদিকে, কলেজটির ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি পরীক্ষা আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) শুরু হয়েছে। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের ভর্তি পরীক্ষা ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞান বিভাগের পরীক্ষা ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ভর্তি–ইচ্ছুকদের প্রবেশপত্রে উল্লিখিত সময় অনুযায়ী উপস্থিত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এসএসসির সিলেবাস-২০২৬ অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞান শাখা থেকে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তির আবেদনকারীরা বিজ্ঞান শাখার প্রশ্নে এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে মানবিক শাখায় ভর্তির আবেদনকারীরা ব্যবসায় শিক্ষা শাখার প্রশ্নে পরীক্ষা দিতে পারবেন। বিজ্ঞান বিভাগের পরীক্ষার বিষয়সমূহ হলো বাংলা, ইংরেজি, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান।

কলেজটিতে বিজ্ঞান বিভাগে (বাংলা মাধ্যম) ১৮১০, বিজ্ঞান বিভাগ (ইংরেজি মাধ্যম) ৩২০, ব্যবসায় শিক্ষা ৭৫০ এবং মানবিক বিভাগে ৪১০টি আসন রয়েছে। মোট আসন সংখ্যা ৩ হাজার ২৯০টি।