লিগ পর্ব শেষ। এবার চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের জন্য অপেক্ষা। ৩৬ দলের প্রথম পর্ব শেষে বাদ পড়েছে ১২ দল, টিকে আছে ২৪ দল। টিকে থাকাদের মধ্যে পয়েন্ট তালিকার শীর্ষ আট দল সরাসরি খেলবে শেষ ষোলোতে। নবম থেকে ২৪তম, এই ১৬ দল নিজেদের মধ্যে প্লে-অফ খেলবে। জয়ী আট দল উঠবে শেষ ষোলোতে। আজ সেই নকআউট প্লে-অফের ড্র। বাংলাদেশ সময় বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে ড্র।
উয়েফার ওয়েবসাইট, অ্যাপ ও সনি স্পোর্টস টেন চ্যানেলে দেখা যাবে ড্র অনুষ্ঠান।
সুইজারল্যান্ডের নিওনের হাউজ অব ইউরোপিয়ান ফুটবলে হবে ড্র।
১৬টি দলকে বাছাই ও অবাছাই হিসেবে ভাগ করা হয়েছে। পয়েন্ট তালিকার নবম থেকে ১৬তম, এই আট দল বাছাই। ১৭ থেকে ২৪তম দল অবাছাই। বাছাই দলগুলো খেলবে অবাছাই দলগুলোর বিপক্ষে।
লিগ পর্বের অবস্থানের ভিত্তিতে শেষ ষোলোতে কে কার মুখোমুখি সেটিরও পথ রেখা নির্ধারিত হয়ে গেছে।