বাণিজ্য, অর্থনীতি, গবেষণা, প্রশিক্ষণ এবং জ্ঞান আদান-প্রদানে প্রাতিষ্ঠানিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) এবং অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)-এর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। গতকাল বুধবার রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত টিসিবি ভবনের বিএফটিআইয়ের সম্মেলনকক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। বিএফটিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোস্তফা আবিদ খান এবং ইআরএফের সভাপতি দৌলত আকতার মালা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
চুক্তির আওতায় উভয় প্রতিষ্ঠান যৌথভাবে সেমিনার, কর্মশালা, গোলটেবিল বৈঠক ও সম্মেলন আয়োজন করবে। পাশাপাশি দেশের বাণিজ্য ও অর্থনৈতিক ইস্যুগুলো নিয়ে জ্ঞান আদান-প্রদানে একসাথে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি ও পেশাগত উন্নয়নে গুরুত্বারোপ করেন ইআরএফ সভাপতি দৌলত আকতার মালা। তিনি বলেন, "অর্থনৈতিক সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে বিএফটিআই ও ইআরএফ যৌথভাবে কাজ করে যাবে। এ ছাড়া নীতিনির্ধারক, বাণিজ্যবিশেষজ্ঞ, ব্যবসায়ী নেতা, গবেষক ও গণমাধ্যমকর্মীদের নিয়ে সংলাপ ও পারস্পরিক মতবিনিময় অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।"
অন্যদিকে, বিএফটিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোস্তফা আবিদ খান জানান, সমঝোতা স্মারকের আওতায় যৌথ গবেষণা, সেমিনার ও কর্মশালা আয়োজনের জন্য একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করা হবে। তিনি বলেন, "এর মাধ্যমে উভয় সংস্থা নিজেদের অভিজ্ঞতা, নেটওয়ার্ক ও প্রাতিষ্ঠানিক শক্তিকে কাজে লাগিয়ে দেশের বাণিজ্য এবং অর্থনৈতিক উন্নয়নে তথ্যভিত্তিক ও গঠনমূলক আলোচনার পথ সুগম করবে।"