ডিজিটাল কনটেন্টের মনিটাইজেশন, কপিরাইট সুরক্ষা, আয় বৃদ্ধি এবং ইউটিউব চ্যানেলের সামগ্রিক ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ওটিটি প্ল্যাটফর্ম ‘দোয়েল’ এবং মুক্তকণ্ঠ ডিজিটালের উদ্যোগ মিডিয়াস্টার মাল্টি-চ্যানেল নেটওয়ার্ক (এমসিএন)।

আজ বৃহস্পতিবার ঢাকার এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে এই চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়। এই কৌশলগত অংশীদারিত্বের ফলে দোয়েলের ডিজিটাল কনটেন্ট ব্যবস্থাপনা, মনিটাইজেশন প্রক্রিয়া, চ্যানেলের অপটিমাইজেশন এবং কনটেন্টের বাণিজ্যিক সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে কারিগরি সহায়তা প্রদান করবে মিডিয়াস্টার এমসিএন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দোয়েলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ জাহিন আহম্মেদ, বিজনেস অ্যান্ড মার্কেটিং বিভাগের প্রধান তানভির আহমেদ, কনটেন্ট বিভাগের যৌথ দায়িত্বপ্রাপ্ত আবীর ফেরদৌস ও সাব্বির ইয়াসির আরাফাত, রেভিনিউ বিভাগের সহকারী ব্যবস্থাপক আপেল আকবর এবং লিগ্যাল বিভাগের সহকারী ব্যবস্থাপক চন্দনা জাহান।

অন্যদিকে, মিডিয়াস্টার এমসিএনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তকণ্ঠের চিফ ডিজিটাল বিজনেস অফিসার এ বি এম জাবেদ সুলতান, সহকারী মহাব্যবস্থাপক রুহুল আমিন এবং জ্যেষ্ঠ ব্যবস্থাপক বাবলু চাকমা।

দোয়েল ওটিটির মূল প্রতিষ্ঠান এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ জাহিন আহম্মেদ এই চুক্তির গুরুত্ব বর্ণনা করে বলেন, মিডিয়াস্টার এমসিএনের সঙ্গে আমাদের এই অংশীদারত্ব বাংলাদেশের ডিজিটাল কনটেন্ট খাতকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি আরও বলেন, ‘এই সহযোগিতার মাধ্যমে আমরা দেশীয় কনটেন্ট নির্মাতাদের সক্ষমতা বৃদ্ধি, মানসম্মত বাংলা কনটেন্টকে আরও বৃহত্তর দর্শক গোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়া এবং ডিজিটাল বিনোদন খাতে টেকসই প্রবৃদ্ধির নতুন সুযোগ তৈরি করতে চাই।’

মুক্তকণ্ঠের চিফ ডিজিটাল বিজনেস অফিসার এ বি এম জাবেদ সুলতান বলেন, দোয়েলের সঙ্গে এই অংশীদারত্ব দেশের ডিজিটাল কনটেন্ট ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি উল্লেখ করেন, ‘আমাদের লক্ষ্য কনটেন্টের বাণিজ্যিক সম্ভাবনাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া এবং কৌশলগত সহযোগিতার মাধ্যমে কনটেন্ট নির্মাতা ও প্রতিষ্ঠানগুলোর জন্য টেকসই ও দীর্ঘমেয়াদি আয়ের সুযোগ তৈরি করা।’

এই চুক্তির আওতায় মিডিয়াস্টার এমসিএন দোয়েলকে ইউটিউব কনটেন্ট থেকে বিজ্ঞাপনভিত্তিক আয় ব্যবস্থাপনা, কপিরাইট ও ক্লেইম ম্যানেজমেন্ট, কনটেন্ট সুরক্ষা, চ্যানেল অপটিমাইজেশন, পারফরম্যান্স অ্যানালিটিকস এবং চ্যানেলের প্রবৃদ্ধি অর্জনে প্রয়োজনীয় কারিগরি ও কৌশলগত সহযোগিতা প্রদান করবে। এর পাশাপাশি মনিটাইজেশন-সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধান, অ্যান্টি-পাইরেসি কার্যক্রম পরিচালনা এবং ডিজিটাল প্ল্যাটফর্মে কনটেন্টের কার্যকারিতা বৃদ্ধিতেও সক্রিয়ভাবে সহায়তা করবে প্রতিষ্ঠানটি।