পাবনার ঈশ্বরদীতে ছেলের বিয়ের প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য বাজারে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঈশ্বরদী-আলহাজ-নতুনহাট সড়কে দুটি ট্রাকের মাঝখানে চাপা পড়ে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন— ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের মন্ত্রী মোড় মালিতাপাড়া এলাকার মৃত সাত্তারের ছেলে আনারুল উদ্দিন মালিথা ও তার স্ত্রী শম্পা খাতুন।
স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন বিয়েকে সামনে রেখে প্রয়োজনীয় কেনাকাটা করতে স্বামী-স্ত্রী মোটরসাইকেলে করে ঈশ্বরদী বাজারে যান। বাজার শেষে বাড়ি ফেরার পথে আলহাজ থেকে নতুনহাট সড়কে পৌঁছালে তাদের মোটরসাইকেলটি দুটি ট্রাকের মাঝখানে চাপা পড়ে। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তারা গুরুতর আহত হন।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই শম্পা খাতুনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আনারুল উদ্দিন মালিথাকে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
এদিকে ছেলের বিয়ের কেনাকাটা করতে গিয়ে বাবা-মায়ের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। কান্নায় ভারী হয়ে উঠেছে নিহতদের বাড়ির পরিবেশ।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান আসাদ মুক্তকণ্ঠকে জানান, "পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনায় জড়িত একটি ট্রাক চালকবিহীন অবস্থায় আটক করে থানায় নেওয়া হয়েছে।"