কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের দ্বিতীয় ইউনিটের দ্বিতীয় চালানটি পৌঁছেছে।

বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টা ৩ মিনিটে ইউরেনিয়াম বহনকারী বিশেষ গাড়িবহরটি বিদ্যুৎকেন্দ্রের ভেতরে প্রবেশ করে। এর আগে ভোর রাত ৪টা ৫৬ মিনিটের দিকে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউরেনিয়ামবাহী এই গাড়িবহরটি রূপপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

গাড়িবহরের সর্বোচ্চ নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, এসআরবি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করেন। ঢাকা থেকে ঈশ্বরদী পর্যন্ত সড়কপথের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্কতার সাথে মোতায়েন করা হয়েছিল। পুরো পথচলায় অত্যন্ত কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়।

জানা গেছে, মঙ্গলবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের দ্বিতীয় চালানের জ্বালানিবাহী বিমানটি অবতরণ করে। পরবর্তীতে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা ইউরেনিয়ামের এই চালানটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, “নিরাপত্তার মধ্যে দিয়ে সকাল ১০টার দিকে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান প্রকল্পে পৌঁছেছে।”

প্রকল্প সূত্রে আরও জানানো হয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি এবং প্রথম ইউনিটের রিফুয়েলিং কাজের জন্য দুটি—সব মিলিয়ে মোট নয়টি চালানে এই জ্বালানি দেশে আনা হচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যে সবকটি চালানের সরবরাহ সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের আশা, সব প্রস্তুতি সময়মতো সম্পন্ন হলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই দেশের প্রথম এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি থেকে পরীক্ষামূলকভাবে ২০০ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে।