পাবনার ঈশ্বরদীতে একটি পোল্ট্রি খামারের চারপাশের বৈদ্যুতিক তারে জড়িয়ে আলামিন (৩০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার নওদাপাড়া গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত আলামিন ওই উপজেলার মুলাডুলি ইউনিয়নের দরগাপাড়া এলাকার বাসিন্দা এবং আরোপ সরদারের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সোমবার ফজরের নামাজের পর খামারে কাজ করতে গিয়েছিলেন আলামিন। কাজ করার সময় তিনি দুর্ঘটনাবশত খামারের চারপাশে দেওয়া বিদ্যুতায়িত তারের সংস্পর্শে আসেন এবং তার সাথে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত রূপপুর মডার্ন ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তারা সেখানে গিয়ে দেখতে পান আলামিনের মরদেহ বৈদ্যুতিক তারে আটকে রয়েছে। এরপর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে অত্যন্ত সতর্কতার সাথে মরদেহটি উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।”