ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ‘ফল ২০২৬’ সেমিস্টারে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ ও পরিচিতিমূলক আয়োজন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আশুলিয়াস্থ ড্যাফোডিল স্মার্ট সিটি ক্যাম্পাসে দিনব্যাপী এই অনুষ্ঠানে নতুন ভর্তিদের জন্য একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রম, সুযোগ-সুবিধা এবং বিভিন্ন সেবার বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।

সকালে স্বাধীনতা সম্মেলনকেন্দ্রে বিএনসিসি, এয়ার রোভার স্কাউট ও শিক্ষার্থী স্বেচ্ছাসেবকরা ফুল ও স্মারক দিয়ে নবীনদের স্বাগত জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব, আন্তর্জাতিক বিষয়ক দপ্তর, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার, এইচআরডিআই, অ্যাডমিশন.এসি, স্কিল.জবস, গোএডু ও ডিআইএলসি-র বুথগুলোতে শিক্ষার্থীদের সেবা ও কার্যক্রম নিয়ে ধারণা দেওয়া হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিআইইউর অফিস অব দ্য স্টুডেন্টস অ্যাফেয়ার্সের উপদেষ্টা অধ্যাপক এ বি এম কামাল পাশা। নবীনদের উদ্দেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আর কবির। বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. সবুর খান ভিডিও বার্তায় নবীনদের শুভেচ্ছা জানান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ মুশফিকুর রহিম। নিজের অভিজ্ঞতার আলোকে তিনি নবীনদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগান। এরপর বিশেষ অতিথি ও বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রিত অতিথিদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সফল অ্যালামনাইদের অভিজ্ঞতা বিনিময় পর্ব। এসএসএল কমার্সের কি–অ্যাকাউন্ট ম্যানেজার ও সিএসই বিভাগের অ্যালামনাই প্রিয়া রানী দে, এসিআই মোটরস লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও জেএমসি বিভাগের অ্যালামনাই মো. ফরহাদ হোসাইন, মিয়াকি মিডিয়া লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের অ্যালামনাই মো. সাজ্জাদুর রহমান শাওন এবং সানপাওয়ার টেকনোলজির প্রতিষ্ঠাতা ও সিইও এবং ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যালামনাই ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিম এই পর্বে অংশ নেন। তাঁরা নবীনদের শিক্ষাজীবন, কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও ক্যারিয়ার গঠনের দিকগুলো নিয়ে আলোচনা করেন। ‘মিট দ্য অ্যাচিভার্স’ পর্বে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অফিস অব দ্য স্টুডেন্টস’ অ্যাফেয়ার্সের অ্যাডভাইজার অধ্যাপক এ বি এম কামাল পাশা।

বিকেলে স্বাধীনতা সম্মেলনকেন্দ্রে নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।