এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল আগামী বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) প্রকাশ করা হবে। বুধবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির বিজ্ঞপ্তি অনুযায়ী, ফল জানা যাবে তিন উপায়ে। সকাল ১০টায় নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। একই সঙ্গে আবেদনকারীর দেওয়া মোবাইল ফোন নম্বরে এসএমএস পাঠানো হবে। এ ছাড়া নির্ধারিত ওয়েবসাইট https://rescrutiny.eduboardresults.gov.bd-এ গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফল সংগ্রহ করা যাবে।

এর আগে পুনর্নিরীক্ষণের সময় মূলত উত্তরপত্রে নম্বর যোগে কোনো ভুল হয়েছে কি না, তা যাচাই করা হতো; পুরো উত্তরপত্র নতুন করে মূল্যায়ন করা হতো না। তবে এবার আবেদন করা উত্তরপত্র পুনরায় মূল্যায়ন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।

গত ১১ আগস্ট পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়ে ১৭ আগস্ট রাত পর্যন্ত চলে। নির্ধারিত সময়ের মধ্যে দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী আবেদন করেছেন।