আর মাত্র একটি রান করলেই ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ডটি একাই নিজের করে নিতে পারতেন দক্ষিণ আফ্রিকার ওপেনার জর্ডান হারমান। যদিও এক রানের আক্ষেপে রেকর্ডটি এককভাবে অর্জন করতে পারেননি, তবে নামিবিয়ার বিপক্ষে ১৫০ রানের বিধ্বংসী ইনিংস খেলে নিজের অভিষেক ম্যাচটিকে স্মরণীয় করে রাখলেন তিনি। এই কীর্তির মাধ্যমে পুরুষদের ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ডে স্বদেশি ম্যাথু ব্রিটজকের পাশে এসে দাঁড়ালেন হারমান।

বুধবার উইন্ডহোকে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ১২৬ বলে ১৫০ রান সংগ্রহ করেন হারমান। তার এই ইনিংসটিতে ছিল ১৭টি চার ও তিনটি ছক্কা। ১২৫ বলে দেড়শ রান পূর্ণ করার ঠিক পরের বলেই রুবেন ট্রাম্পেলমানের বলে লরেন স্টিনক্যাম্পের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি।

এর আগে গত বছরের ১০ ফেব্রুয়ারি লাহোরে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেকে ১৫০ রান করেছিলেন ম্যাথু ব্রিটজকে। সেই ম্যাচে তিনি ওয়েস্ট ইন্ডিজের ডেসমন্ড হেইনসের ৪৭ বছরের পুরনো রেকর্ড ভেঙেছিলেন। ১৯৭৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেকে হেইনস করেছিলেন ১৪৮ রান। এবার সেই ব্রিটজকের রেকর্ডে ভাগ বসালেন হারমান।

হারমানের ইনিংসের শুরুটা ছিল কিছুটা ধীরগতির। প্রথম হাফ সেঞ্চুরি করতে তার সময় লেগেছে ৬১ বল। তবে এরপরই তিনি রানের গতি বাড়িয়ে দেন। ৯৩ বলে সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করার পর আরও ৩২ বলে ১৫০ রান পূর্ণ করেন তিনি।

টস হেরে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকা মাত্র ২৭ রানেই হারায় কনর এস্টারহুইজেনকে। এরপর দ্বিতীয় উইকেটে টনি ডি জর্জির সঙ্গে ১৯০ রানের বিশাল জুটি গড়ে দলের বড় সংগ্রহের ভিত্তি তৈরি করেন হারমান। ডি জর্জি ৮৪ বলে ৭২ রান করেন।

এই ইনিংসের মাধ্যমে দক্ষিণ আফ্রিকার পঞ্চম এবং পুরুষদের ওয়ানডে ইতিহাসের ২০তম ক্রিকেটার হিসেবে অভিষেক ম্যাচে সেঞ্চুরির কৃতিত্ব অর্জন করলেন হারমান। তার আগে প্রোটিয়াদের হয়ে এই অনন্য কীর্তি গড়েছেন কলিন ইনগ্রাম, টেম্বা বাভুমা, রিজা হেন্ড্রিকস এবং ম্যাথু ব্রিটজকে।