পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, ওমান বাংলাদেশ থেকে মোট ১০ হাজার কর্মী নিবে। এর মধ্যে ৫ হাজার কৃষক এবং ৫ হাজার মৎস্যজীবী অন্তর্ভুক্ত রয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওমানের একটি প্রতিনিধিদলের সাথে সাক্ষাত শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "ওমানের কৃষি মন্ত্রণালয়ের সাথে আমাদের সরকারের কথা হয়েছে। ওমানের একটা প্রতিনিধি এসেছিল। ওমান আমাদের কাছ থেকে ৫ হাজার কৃষক এবং ৫ হাজার মৎস্যজীবী নেবে। সব মিলিয়ে ১০ হাজার নেওয়ার কথা বলেছে। এ নিয়ে একটা চুক্তি সই হয়েছে।"
প্রতিমন্ত্রী আরও জানান, ওমানের প্রতিনিধিদল আগামী মাসে বাংলাদেশে আসবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে বিষয়টি চূড়ান্ত করা হবে।
এ সময় ওমান ভিসা খোলার বিষয়ে সরকারের কূটনৈতিক প্রচেষ্টার কথা উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, "ওমানের ভিসা বিভিন্ন কারণে বন্ধ রয়েছে। বিগত সরকারের সময়ে এটা হয়েছে। আমরা চেষ্টা করছি কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ওমানের যেতে পারে।"