নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন বর্তমান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ মঙ্গলবার এই নিয়োগ প্রস্তাবে সম্মতি জানিয়েছে, যা ঢাকাকে জানানো হয়েছে। ঢাকা ও নয়াদিল্লির কূটনৈতিক সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছে।
এর মাধ্যমে এম রিয়াজ হামিদুল্লাহর স্থলাভিষিক্ত হচ্ছেন আসাদ আলম সিয়াম। ইতিমধ্যে জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে রিয়াজ হামিদুল্লাহকে নিয়োগ দেওয়া হয়েছে। গত ১৩ জুলাই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসাদ আলম সিয়ামের নাম প্রস্তাব করেছিল বাংলাদেশ। এরপর দীর্ঘ অপেক্ষার পর এখন সেই প্রস্তাবে সম্মতি দিল ভারতীয় পক্ষ।
আসাদ আলম সিয়াম একজন অভিজ্ঞ ও পেশাদার কূটনীতিক। তিনি ১৯৯৫ সালে বাংলাদেশ পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। শিক্ষাগত যোগ্যতার দিক থেকে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং নেদারল্যান্ডসের মাস্ট্রিচট স্কুল অব ম্যানেজমেন্ট থেকে এমবিএ সম্পন্ন করেন। এছাড়া কাঠমান্ডুর সার্ক সচিবালয়, হাওয়ায়ের এপিসিএসএস, সিউলের আইএফএএনএস এবং ঢাকার জাতীয় প্রতিরক্ষা কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বেশ কয়েকটি পেশাদার কোর্স শেষ করেছেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার পাশাপাশি তিনি ইতালির মিলানে বাংলাদেশের প্রথম কনসাল জেনারেল ছিলেন। যুক্তরাষ্ট্র, ফিলিপাইন, পালাউ, অস্ট্রিয়া, হাঙ্গেরি, স্লোভেনিয়া ও স্লোভাকিয়ায় রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ভিয়েনায় জাতিসংঘের কার্যালয় এবং ওপেক তহবিলে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ব্যাংককে ইউএন এসকাপে বিকল্প স্থায়ী প্রতিনিধি হিসেবেও কাজ করেছেন।
ঢাকায় ফরেন সার্ভিস একাডেমির রেক্টর এবং পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রসচিবের দপ্তরের পরিচালকের দায়িত্বও পালন করেছেন তিনি। ২০২৫ সালের জুনে তৎকালীন অন্তর্বর্তী সরকার তাঁকে পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ দিয়েছিল।