বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের মধ্য রাকুদিয়া গ্রামে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সিদ্দিকুর রহমান শরীফের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে সাত থেকে আটজনের একটি দল অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

অভিযোগ অনুযায়ী, রাত দুইটার দিকে ডাকাতরা প্রথমে বাড়ির সিসিটিভি ক্যামেরাগুলো ঘুরিয়ে দেয়। এরপর ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে সিদ্দিকুর রহমান শরীফকে মারধর করে হাত-পা বেঁধে ফেলে। পরবর্তীতে তার স্ত্রী ও ছেলেকেও অস্ত্র দেখিয়ে জিম্মি করে রাখা হয়। ডাকাতরা পরিবারের কাছে থাকা সম্পদ কোথায় আছে তা জানতে ভয়ভীতি দেখায়।

এই সময় তিনি বলেন, আমার ছেলের বুকে পিস্তল ঠেকিয়ে ডাকাতেরা বলে, যা কিছু আছে সব বের করে দিতে। না হলে গুলি করবে বলে হুমকি দেয়।

ডাকাতরা চলে যাওয়ার পর পরিবারের সদস্যরা হাত-পায়ের বাঁধন খুলে প্রতিবেশীদের বিষয়টি জানান। লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় পাঁচ লাখ টাকা বলে দাবি করেন তারা। সিদ্দিকুর রহমান শরীফ জানান, ডাকাত দলের সদস্যদের হাতে পিস্তল ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ছিল। হঠাৎ দরজা ভেঙে ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করায় পরিবারের সবাই আতঙ্কিত হয়ে পড়েন।

খবর পেয়ে বাবুগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত শুরু করেছে।