হংকং থেকে আসা কাপড়ের চালানের আড়ালে ১ হাজার ৬৫৫টি মুঠোফোন জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জব্দ করা এসব ফোনের বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা বলে জানানো হয়েছে।
এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গতকাল সোমবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফ্রেইট এলাকায় এই চালানটি জব্দ করা হয়। প্রাথমিক তদন্তে দেখা গেছে, চালানের ঘোষণায় পণ্য হিসেবে ‘নিট ফেব্রিকস’ বা কাপড় উল্লেখ করা হলেও বাস্তবে কাপড়ের রোলের ভেতরে লুকিয়ে আনা হয়েছিল বিপুল পরিমাণ মুঠোফোন।
জব্দ করা ফোনের মধ্যে ৬০০টি শাওমি ব্র্যান্ডের রেডমি মডেলের নতুন ফোন। এর মধ্যে ৪৫০টি রেডমি ১৪সি এবং ১৫০টি রেডমি ১৫সি মডেলের। এছাড়া ১ হাজার ৫৫টি পুরোনো আইফোন ও বিভিন্ন চীনা ব্র্যান্ডের মুঠোফোন পাওয়া গেছে।
এয়ার কার্গো সিস্টেমের তথ্য অনুযায়ী, গত ৩১ আগস্ট হংকং থেকে ২০টি প্যাকেজে মোট ৮৯৫ কেজি ওজনের এই চালানটি ঢাকায় পৌঁছায়। আমদানিকারক হিসেবে নথিতে ‘থিয়ানিস অ্যাপারেলস লিমিটেড’-এর নাম উল্লেখ করা ছিল এবং পণ্যের ধরন হিসেবে লেখা ছিল ‘নিট ফেব্রিকস’।
শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ঘোষণার সঙ্গে বাস্তবের পণ্যের বড় ধরনের অসংগতি রয়েছে। কাপড়ের রোলের আড়ালে ফোন লুকিয়ে আনার মাধ্যমে পণ্য গোপন করে শুল্ক-কর ফাঁকির চেষ্টা করা হয়েছে।
বর্তমানে জব্দ করা মুঠোফোনগুলোর মডেল, আইএমইআই নম্বর এবং ফোনগুলো নতুন নাকি ব্যবহৃত—তা যাচাই করা হচ্ছে। একই সঙ্গে ফোনগুলোর প্রকৃত মূল্য ও প্রযোজ্য শুল্ক-কর নির্ধারণের কাজ চলছে। তদন্তের মাধ্যমে শুল্ক ফাঁকির কারণে সরকারের মোট আর্থিক ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে।