সেপ্টেম্বর মাস জুড়ে পিএমওএস (PMOS) সচেতনতা মাস পালিত হচ্ছে। এবছর এই সচেতনতা অভিযানটি বিশেষ গুরুত্ব বহন করে, কারণ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের প্রচলিত নাম 'পিসিওএস' পরিবর্তন করে নতুন করে 'পিএমওএস' বা পলিএন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়াস সিনড্রোম রাখা হয়েছে। একই সাথে নতুন নামকরণ অনুসরণ করেই এবার মাসটি উদযাপিত হচ্ছে।

তরুণী ও প্রজননক্ষম নারীদের মধ্যে হরমোনজনিত সমস্যার একটি প্রধান বিষয় হিসেবে চিহ্নিত হয়েছে পিএমওএস। সাম্প্রতিক সময়ে বিশেষজ্ঞদের মতে, 'পলিসিস্টিক ওভারি' শব্দটি বিভ্রান্তিকর। অনেক রোগীর ডিম্বাশয়ে সিস্ট না থাকলেও তারা এই সমস্যায় ভুগছেন। তাই এটি কেবল ডিম্বাশয়ের সমস্যা বলে ধরে নেওয়া ভুল। বরং এটি একটি বিপাকীয় বা মেটাবলিক সমস্যা, যার দীর্ঘমেয়াদি প্রভাব রয়েছে।

পিএমওএস-এর ক্ষেত্রে শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স এবং পুরুষ হরমোন বা অ্যান্ড্রোজেনের মাত্রা বেড়ে যাওয়া কেন্দ্রীয় বিষয়। এর ফলে মাসিক অনিয়মিত হয়, ডিম্বস্ফোটনে ব্যাঘাত ঘটে, মুখ ও শরীরে অতিরিক্ত লোম গজায়, ব্রণ হয়, মাথার চুল পাতলা হয়ে যায় এবং পেটের দিকে চর্বি জমে ওজন বৃদ্ধি পায়। দীর্ঘদিন চিকিৎসা না নিলে সন্তান ধারণে সমস্যা হতে পারে। তবে সঠিক ব্যবস্থাপনায় অধিকাংশ নারীই মা হওয়ার সুযোগ পান।

এছাড়া পিএমওএস আক্রান্ত নারীরা স্থূলতা, প্রি-ডায়াবেটিস বা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং হৃদ্‌রোগসহ বিভিন্ন বিপাকীয় জটিলতার ঝুঁকিতে থাকেন। তাই কেবল অনিয়মিত মাসিক, অবাঞ্ছিত লোম বা বন্ধ্যত্বের চিকিৎসা করলেই হবে না; বিপাকীয় স্বাস্থ্যের প্রতিও নজর রাখা জরুরি।

রোগটির কোনো একক কারণ নেই। বংশগত প্রবণতা, অতিরিক্ত ওজন, শারীরিক পরিশ্রমের অভাব এবং ইনসুলিন রেজিস্ট্যান্স এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইনসুলিনের কার্যকারিতা কমে গেলে শরীরে এর মাত্রা বেড়ে যায়, যা ডিম্বাশয়ে অ্যান্ড্রোজেন উৎপাদন বাড়িয়ে দেয়।

নির্ণয়ের ক্ষেত্রে শুধুমাত্র আলট্রাসনোগ্রাম যথেষ্ট নয়। মাসিকের ইতিহাস, শারীরিক লক্ষণ, হরমোন পরীক্ষা এবং অন্যান্য হরমোনজনিত রোগ আছে কিনা তা খতিয়ে দেখে সিদ্ধান্ত নিতে হয়। থাইরয়েড সমস্যা বা অন্যান্য অবস্থাও অনেক সময় একই রকম লক্ষণ প্রকাশ করে। চিকিৎসার মূল ভিত্তি হলো জীবনযাত্রার পরিবর্তন। নিয়মিত হাঁটাচলা বা ব্যায়াম, সুষম খাবার এবং ওজন নিয়ন্ত্রণ সবচেয়ে কার্যকর উপায়।

ডা. শাহজাদা সেলিম, সহযোগী অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়