নেত্রকোনায় ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার প্রলোভন দেখে টাকা গ্রহণের অভিযোগে এনসিপি নেত্রী সাদিয়া আক্তারকে (২২) আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা শহরের কুড়পার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে নেত্রকোনা মডেল থানা পুলিশ।

আটককৃত সাদিয়া আক্তার নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। তিনি এনসিপির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এবং নেত্রকোনা সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। বর্তমানে তিনি নেত্রকোনা পৌর শহরের কুড়পার এলাকায় সপরিবারে ভাড়া বাসায় বসবাস করেন।

পুলিশ সূত্রে জানা যায়, কুড়পার এলাকার পাঁচটি পরিবারের কাছ থেকে ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে প্রত্যেকের নিকট থেকে ৩ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা গ্রহণ করেন সাদিয়া। পরবর্তীতে স্থানীয় লোকজন এর বিষয়ে সন্দেহ প্রকাশ করলে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

নেত্রকোনা মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সজল কুমার সরকার মুক্তকণ্ঠকে বলেন, "ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগে তাকে আটক করা হয়েছে। বিভিন্ন তথ্য উপাত্ত পর্যালোচনা করা হচ্ছে। ভুক্তভোগীদের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"