নরসিংদীর রায়পুরা থানাধীন তালিকাভুক্ত সন্ত্রাসী হান্নান ওরফে ‘অস্ত্র হান্নান’ (৪২) ও নুরুল ইসলাম (৩৮)-কে ঢাকার তেজগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তাদের নরসিংদীতে নিয়ে আসা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় হান্নানের ঢাকায় অবস্থান সম্পর্কে খবর পেয়ে পুলিশ একটি দল তেজগাঁওয়ে অভিযান চালায়। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমানের নেতৃত্বে এই দল দুজনকে আটক করে নরসিংদীতে প্রেরণ করে।

পুলিশের তথ্য অনুযায়ী, হান্নানের বিরুদ্ধে গত জুনে রায়পুরার নিলক্ষা এলাকায় সংঘটিত একটি হত্যাকাণ্ডসহ মোট তিনটি হত্যা মামলা রয়েছে। এ ছাড়া দ্রুত বিচার আইনে একটি, মাদক আইনে একটি এবং অন্যান্য ধারায় পাঁচটি মামলা রয়েছে। সব মিলিয়ে তার বিরুদ্ধে মোট ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি মো. মজিবুর রহমান জানান, রায়পুরা থানার বিভিন্ন এলাকায় তালিকাভুক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এসব অভিযানের উদ্দেশ্য হলো এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। তিনি আরও জানান, হান্নান ও নুরুল ইসলাম গ্রেপ্তারের পর রায়পুরার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অন্যান্য তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত থাকবে।

নরসিংদী জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, হান্নান তার এলাকায় ‘অস্ত্র হান্নান’ নামে পরিচিত। সে চিহ্নিত অপরাধী। সুনির্দিষ্ট তথ্য থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।