ভোগদখল রেখে সম্পত্তি হস্তান্তর বিল পাসের মতো শরিয়াবিরোধী আইন পাসের প্রতিবাদে আগামী শুক্রবার (১০ সেপ্টেম্বর) দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত সভায় দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এ কর্মসূচি ঘোষণা করেন।
সভায় তিনি বলেন, "দেশের অধিকাংশ মানুষ মুসলমান, তাদের ধর্মীয় বিধান পালনে সহায়তা করতে রাষ্ট্র বাধ্য। বর্তমান সরকারও কুরআন-সুন্নাহবিরোধী কোনো আইন করবে না বলে বারবার অঙ্গীকার করেছে। কিন্তু দায়িত্ব নেওয়ার ছয় মাস যেতে না যেতেই সরকার শরীয়াহবিরোধী আইন পাস করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর তীব্র নিন্দা জানাচ্ছে এবং অবিলম্বে এ আইন বাতিলের দাবি জানাচ্ছে।"
একই সভায় তিনি আরও বলেন, "বাংলাদেশে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, যুগসেরা উলামায়ে কেরাম রয়েছেন। এই আইনের বিষয়ে উলামায়ে কেরাম আগেই ভিন্নমত পোষণ করেছেন। সেখানে শরীয়াহসংক্রান্ত একটি বিষয়ে খ্রিষ্টান পণ্ডিতদের রেফারেন্স ব্যবহার করে শরীয়াহবিরোধী আইন প্রণয়ন করা দেশের ইতিহাস, ঐতিহ্য ও জ্ঞানীয় সম্পদের প্রতি স্পষ্ট উপেক্ষা। সরকারের কাছ থেকে আমরা এমনটা আশা করিনি।"
কর্মসূচি ঘোষণাকালে মাওলানা গাজী আতাউর রহমান জানান, আগামী শুক্রবার দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এবং এ বিষয়ে শরীয়াহ ও দলের অবস্থান জানাতে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করা হবে।
সভায় দলের যুগ্ম মহাসচিব প্রকৌশলী মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, শাহ ইফতেখার তারিক, মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতী দেলাওয়ার হোসাইন সাকী, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মুফতি আহমদ আব্দুল জলিল, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ নুরুন নাবী, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা প্রভাষক মো. আলমগীর হোসাইন তালুকদার, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা নুরুল করীম আকরাম, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ মারুফ, প্রবাসী কল্যাণ সম্পাদক মাওলানা মুহাম্মদ খলিলুর রহমান, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক শেখ আবু তাহের, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম, ওলামা বিভাগের সদস্য মুফতী কেফায়েতুল্লাহ কাশফী, সমাজকল্যাণ বিভাগের সদস্য আলহাজ্ব আব্দুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সদস্য আতিকুর রহমান মুজাহিদ, সদস্য মুফতি মানসুর আহমাদ সাকী, প্রচার ও মিডিয়া বিভাগের সদস্য কে এম শরীয়তুল্লাহ এবং অডিট বিভাগের সদস্য অধ্যাপক নাছির উদ্দিন খাঁন উপস্থিত ছিলেন।