প্রথমবারের মতো দেশের আটটি বিভাগে অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষা। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমের অংশ হিসেবে এবার বরিশালকেও আঞ্চলিক পরীক্ষাকেন্দ্র হিসেবে যুক্ত করা হয়েছে। আজ মঙ্গলবার রাবির উপাচার্য কার্যালয়ে ভর্তি উপকমিটির সভায় এই প্রস্তাব গৃহীত হয়। রাবির জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক কামরুজ্জামান বলেন, ভর্তি উপকমিটির প্রথম সভায় ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট—এই সাত শহরে রাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছিল। তবে বরিশাল বিভাগের শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এ বিভাগেও ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়টা বিবেচনা করেছে ভর্তি উপকমিটি। আজ ভর্তি উপকমিটির দ্বিতীয় সভায় এ বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে।

ভর্তি উপকমিটি বি ইউনিট (বাণিজ্য) দিয়ে ভর্তি পরীক্ষা শুরু করার সুপারিশ করেছে। সম্ভাব্য সময়সূচি অনুযায়ী, আগামী ২০২৭ সালের ৮ জানুয়ারি বি ইউনিট, ৯ জানুয়ারি সি ইউনিট (বিজ্ঞান) এবং ১৬ জানুয়ারি এ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। আবেদন প্রক্রিয়া শুরু করতে ১২ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত সময় নির্ধারণের প্রস্তাবও সভায় উঠে এসেছে।