এইচএসসি সম্পূরক বা সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য সুখবর। তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। এই সুযোগ নিশ্চিত করতে ২০২৬–২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি পেছানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
তবে সব বিশ্ববিদ্যালয় এই সিদ্ধান্ত নেয়নি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) তাদের পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ীই ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বজায় রেখেছে। এর ফলে সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ হলেও ওই শিক্ষার্থীরা বুয়েটে ভর্তি পরীক্ষায় বসার সুযোগ পাবেন না। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ও তাদের পূর্বনির্ধারিত সময়সূচি বহাল রাখার কথা জানিয়েছিল।
শিক্ষা বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী, এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দুটি বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে এই পরীক্ষা শুরু হবে এবং ডিসেম্বরের শেষ নাগাদ ফলাফল প্রকাশিত হতে পারে। মূলত সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা যেন আগামী শিক্ষাবর্ষে উচ্চশিক্ষার সুযোগ পান, সেই লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
এই প্রেক্ষাপটে গত সোমবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-তে উপাচার্য বা তাঁদের প্রতিনিধিদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, আগামী জানুয়ারি মাস থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং ফেব্রুয়ারি মাস থেকে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করা হবে।
ইউজিসির এই সভার পর কিছু বিশ্ববিদ্যালয় সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণদের সুযোগ দিতে তাদের সময়সূচিতে পরিবর্তন আনলেও অনেক প্রতিষ্ঠান আগের সিদ্ধান্তেই অনড় রয়েছে।
মুক্তকণ্ঠের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানিয়েছেন, আজ বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত উপকমিটির সভায় ২০২৬–২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া শুরু হবে এবং ২০ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা চলবে।
ভর্তির আবেদন শুরু হবে ১৫ নভেম্বর এবং চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। তবে যারা এইচএসসি ও সমমানের সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন, তারা ফলাফল প্রকাশের পর আবেদনের সুযোগ পাবেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের পর উত্তীর্ণ শিক্ষার্থীরা সাত দিন পর্যন্ত আবেদন করার সময় পাবেন।” উল্লেখ্য, এর আগে সিদ্ধান্ত ছিল আগামী বছরের জানুয়ারিতেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বুয়েটে সিদ্ধান্ত বদলাবে না
বুয়েটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানুয়ারি। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য একরামুল হক মুক্তকণ্ঠকে বলেন, “ওই সময়েই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।” ভর্তির আবেদন ফরম বিতরণ শুরু হবে ২১ নভেম্বর। বুয়েটের একটি সূত্র নিশ্চিত করেছে যে, সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ হলেও শিক্ষার্থীরা বুয়েটের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন না।
এর আগে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির এক জরুরি সভায় আগের সিদ্ধান্ত বহাল রাখার কথা জানানো হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী, ২৫ নভেম্বর ভর্তির আবেদনের শেষ সময় এবং পূর্বনির্ধারিত ৫ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অন্য রকম সিদ্ধান্ত
অন্যদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষা শুরু হবে ১ জানুয়ারি। এরপর ৮, ১৫, ২২ ও ২৩ জানুয়ারিতে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তির আবেদন ফরম বিতরণ শুরু হবে ২৫ নভেম্বর এবং চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। আজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।
তবে সম্পূরক পরীক্ষায় অংশগ্রহণকারীরাও আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন। তিনি বলেন, “এই পরীক্ষার্থীরা এসএসসি ফলের ভিত্তিতে আবেদন করতে পারবেন। পরে যদি সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করতে পারেন, তাহলে তাঁরা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। আর যোগ্য না হলে পারবেন না।”