বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সময়সূচী অনুযায়ী, আগামী বছরের ১ ফেব্রুয়ারি এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে বিশ্ববিদ্যালয়ের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ১৬ জানুয়ারি পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বুয়েটের উপাচার্য একরামুল হক জানিয়েছেন, হাইকোর্টের নির্দেশনা এবং ইউজিসির সাথে আলোচনার বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশগ্রহণকারী ও উত্তীর্ণ শিক্ষার্থীদের সুযোগ করে দেওয়ার লক্ষ্যেই একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
ভর্তি প্রক্রিয়ার পরবর্তী ধাপ হিসেবে আগামী ২১ নভেম্বর থেকে আবেদন ফরম বিতরণ শুরু হবে বলে জানানো হয়েছে।