পাবনার সাঁথিয়া উপজেলায় পুকুর থেকে গলাকাটা অবস্থায় এক পেঁয়াজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে মিয়াপুর মিনারপাড়া এলাকার মানিকের পুকুরে মাছের খাবার দিতে গিয়ে স্থানীয় এক ব্যক্তি পানিতে ভাসতে দেখেন একটি মরদেহ। বিষয়টি সাঁথিয়া থানা পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করা হয়। পরবর্তীতে স্থানীয়রা ও পারিবারিক সূত্রের বরাত দিয়ে নিহতকে ক্ষেতপাড়া ইউনিয়নের ডাঙ্গামাছ গ্রামের মৃত সেকেন সরদারের ছেলে আব্দুল আজিজ (৫৫) বলে শনাক্ত করা হয়।
স্থানীয় ও পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) এশার নামাজ শেষে আব্দুল আজিজ বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর ঘরে ফেরেননি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুকুর থেকে আব্দুল আজিজ নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দ্রুত এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।