পটুয়াখালীর সদর উপজেলার কাটাখালী নদী থেকে এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে সদর উপজেলার ৬ নম্বর জৈনকাঠী ইউনিয়নের কাটাখালী বাজারের পূর্ব পাশে শৌলার খেয়াঘাটসংলগ্ন নদীতে ভাসতে দেখা যায় লাশটি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে।

নিহতের নাম মো. জাকারিয়া শরীফ (২৮)। তিনি আউলিয়াপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রুহুল আমিনের ছেলে এবং পেশায় অটোচালক ছিলেন। স্থানীয়রা জানান, দুপুরের দিকে নদীতে মরদেহ ভাসতে দেখে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, মরদেহ উদ্ধারের পর ঘটনাটি প্রাথমিকভাবে খতিয়ে দেখা হচ্ছে। জাকারিয়ার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।