বাগেরহাটের শরণখোলায় নিখোঁজ অবস্থায় পাওয়া গেছে এক শিশুর মরদেহ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দক্ষিণ আমড়াগাছিয়া খাল থেকে রাফি আকন (৯) নামে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এক নারীসহ পাঁচজনকে।
উদ্ধারকৃত শিশির নাম রাফি আকন। তিনি বাগেরহাটের খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের জসিম আকনের ছেলে এবং আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পর তিন দিন ধরে তার খোঁজাখুঁজি চলছিল। শনিবার (১২ সেপ্টেম্বর) বিষয়টি নিয়ে শরণখোলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
সোমবার সকাল ১০টার দিকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণ আমড়াগাছিয়া খাল থেকে রাফির মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ খান বলেন, "প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, এটি হত্যাকাণ্ড। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।"
তিনি আরও জানান, পরিবারের অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য এক নারীসহ পাঁচজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।