আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে ভারতে প্রবেশের চেষ্টাকালীন দুই হত্যা মামলার আসামি মো. ইদ্রিস আলীকে (৩৫) আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে তাকে আটকের পর আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ইদ্রিস আলী তার ছোট বোন ও ভাগিনাকে নিয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে চেকপোস্টে উপস্থিত হন। কাগজপত্র ও ডাটাবেজ যাচাইয়ের সময় তার বিরুদ্ধে আশুলিয়া থানায় দায়েরকৃত দুটি হত্যা মামলার তথ্য পাওয়া যায়। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে আটক করা হয়। অন্যদিকে, তার সহযাত্রী বোন ও ভাগিনার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. শরীফুল ইসলাম বলেন, ইদ্রিস আলী ভারতে যাওয়ার উদ্দেশ্যে সকালে ইমিগ্রেশনে এলে ডাটাবেজ যাচাই করে তার নামে দুটি হত্যা মামলা থাকার তথ্য পাওয়া যায়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে আটক করে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশ সূত্র থেকে জানা যায়, আশুলিয়া থানার জামগড়া এলাকার মোহাম্মদ আলী আহমেদের ছেলে ইদ্রিস আলী আশুলিয়া থানায় ২০২৪ সালের ১৮ ও ২০ আগস্ট দায়েরকৃত পৃথক দুটি মামলায় আসামি। মামলাগুলোতে হত্যা, হামলা ও সংঘবদ্ধ অপরাধের পাশাপাশি ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অবৈধ অস্ত্র সংরক্ষণ ও প্রদর্শন এবং ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে। এছাড়া এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে আধিপত্য বিস্তার ও দুর্নীতির অভিযোগও তুলে ধরা হয়েছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা তানভীর আহমেদ জানান, গ্রেপ্তারের পর ইদ্রিস আলী বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। সংশ্লিষ্ট মামলায় পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য তাকে আশুলিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ইদ্রিস আলীর বিরুদ্ধে আশুলিয়া থানায় দুটি হত্যা মামলা রয়েছে। মামলাগুলোতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বা আইনগত ব্যবস্থা চলমান রয়েছে। আখাউড়া ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে তাদের সঙ্গে যোগাযোগ করেছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমান বলেন, ভারতে যাওয়ার সময় ডাটাবেজ যাচাই করে ইদ্রিস আলী নামে একজনকে আখাউড়া ইমিগ্রেশন পুলিশ আটক করে। তার বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।