স্থানীয় সরকার ব্যবস্থা সুসংহত করে জনগণের জীবনমান উন্নয়ন ও গণতন্ত্রকে আরও শক্তিশালী করার বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে তার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা জানান। বৈঠকে প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

মন্ত্রী বৈঠকে স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ কার্যক্রম ও সাধারণ মানুষের কল্যাণে এর ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর। অন্তর্বর্তী সরকার কর্তৃক জারি করা পাঁচটি স্থানীয় সরকারসংক্রান্ত অধ্যাদেশ ইতোমধ্যে নতুন আইন হিসেবে জাতীয় সংসদে পাস হয়েছে। সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও জেলা পরিষদসহ ইউনিয়ন পরিষদের নির্বাচনে দলীয় মনোনয়ন ও জাতীয় প্রতীকের বিধান বিলুপ্ত করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বৈঠকে স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি, বিকেন্দ্রীকরণ, ক্ষমতার ভারসাম্য, নারী ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, নিরাপদ পানি সরবরাহ ও নিষ্কাশন ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি উচ্চশিক্ষা, দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ সহযোগিতা এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে পারস্পরিক সম্প্রসারণের সম্ভাবনাও তুলে ধরা হয়।

অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর জোর দেন। তিনি সুশাসন ও নারী ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে অস্ট্রেলিয়ার আগ্রহ প্রকাশ করেন। বৈঠকের শুরুতে মন্ত্রী তাকে স্বাগত জানান এবং হাইকমিশনার নতুন দায়িত্ব গ্রহণে অভিনন্দন জানান।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম ক্রমবর্ধমান নগরায়ণের কারণে বর্জ্য ব্যবস্থাপনাকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেন। তিনি আধুনিক প্রযুক্তি ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে বর্জ্যকে সম্পদে রূপান্তর এবং বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের সুযোগ কাজে লাগাতে আহ্বান জানান। পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের জন্য নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি জরুরি উল্লেখ করে তিনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞতা, প্রযুক্তি ও বিনিয়োগ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন। বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন ও নবায়নযোগ্য জ্বালানি খাতে প্রযুক্তিগত সহযোগিতা ও বিনিয়োগ বৃদ্ধিরও আহ্বান জানান তিনি।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।