ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবে অন্তত ৭৩ জন আহত হয়েছেন। সৌদি নেতৃত্বাধীন জোট আজ মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে।

হুতিরা ইয়েমেনের জনবহুল এলাকাগুলো এবং দেশটির উত্তরাঞ্চলের বড় অংশ নিয়ন্ত্রণ করে। গত জুলাইয়ে রিয়াদের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণার পর থেকে তারা সৌদি আরবে হামলা চালিয়ে আসছে। এসব হামলার মূল নিশানা ছিল লোহিত সাগরে চলাচলকারী সৌদি জাহাজ।

গতকাল সোমবার ফাইন্যান্সিয়াল টাইমস প্রতিবেদনে জানায়, নতুন হামলায় সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর জাজান তেল স্থাপনায় আঘাত হেনেছে হুতিরা। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সর্বশেষ উত্তেজনাকে ‘বিপজ্জনক’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশ এবং কার্যত ওপেকের নেতৃত্বে থাকা সৌদি আরবের বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে হুতিরা।

“এ ‘সন্ত্রাসী গোষ্ঠী’কে নিবৃত্ত করতে জোট প্রয়োজনীয় সব ধরনের সামরিক পদক্ষেপ নেবে এবং তাদের শত্রুতামূলক কর্মকাণ্ড দৃঢ়ভাবে মোকাবিলা করবে।”

বিবৃতিতে আরও জানানো হয়, হুতিরা আবহা, খামিস মুশাইত, জাজান ও নাজরান শহরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

রয়টার্স তাৎক্ষণিকভাবে এই খবরের সত্যতা যাচাই করতে পারেনি। অন্যদিকে, আরামকো এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেনি।