রাজধানীর পুরান ঢাকার বাবুবাজার ব্রিজের নিচ, বাদামতলী ফল মার্কেট ও আরমানিটোলা মাঠ এলাকায় অবৈধ পার্কিং ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক লালবাগ বিভাগ। বিভাগীয় উপকমিশনার (ডিসি) মো. মফিজুল ইসলামের নেতৃত্বে সোমবার এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

ট্রাফিক লালবাগ বিভাগ সূত্র জানিয়েছে, গত ২৫ আগস্ট থেকে ধারাবাহিকভাবে এই এলাকায় অভিযান চালানো হচ্ছে। অভিযানে বাবুবাজার ব্রিজের নিচের চারটি ব্লকে অবস্থিত ভাসমান দোকান, ভাতের হোটেল ও অন্যান্য অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়া হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) থেকে ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে জায়গাটি দখল করে রাখা হয়েছিল। পার্কিংয়ের নাম করে সেখানে ভাসমান দোকান ও মৌসুমি ফলের আড়ত বসানো হতো বলে অভিযোগ ছিল। নির্ধারিত ফি-এর চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের তথ্য পাওয়া গেলে সম্প্রতি ডিএসসিসি ওই ইজারা বাতিল করে।

বাদামতলী থেকে ওয়াইজঘাট পর্যন্ত সড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও পিকআপ ভ্যান অবৈধভাবে পার্ক করা হওয়ায় সাধারণ যানবাহন চলাচলে মারাত্মক ব্যাঘাত ঘটেছিল। এ ছাড়া আরমানিটোলা মাঠের পেছনের সড়কে বিভিন্ন ট্রান্সপোর্ট কোম্পানি ও কেমিক্যাল মার্কেটের গাড়ি দখল করে রাখা হতো। এসব অবৈধ পার্কিং উচ্ছেদের পর যান চলাচল স্বাভাবিক হচ্ছে।

বিভাগের তথ্য অনুযায়ী, সড়ক ও ফুটপাতে অবৈধ পার্কিং ও যানবাহন রেখে যানজট সৃষ্টির দায়ে গত ২৫ আগস্ট থেকে এখন পর্যন্ত ১৫৮টি মামলা দায়ের করা হয়েছে। ফুটপাত দখল করে ব্যবসা করার অভিযোগে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। এ ছাড়া গত দুই সপ্তাহে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

ট্রাফিক পুলিশের লালবাগ বিভাগের সহকারী কমিশনার এ কে এম মঞ্জুরুল আলম মুক্তকণ্ঠকে বলেন, "পুরান ঢাকার সরু রাস্তা আটকে মালামাল ওঠানো–নামানোর কারণে প্রায় সারা দিনই যানজট লেগে থাকে। অবৈধ পার্কিং, স্থাপনা ও ভাসমান দোকান একবার উচ্ছেদ করার পর আবারও দখলের চেষ্টা চলে। এ কারণে উচ্ছেদ করা এলাকায় প্রতিদিন নিয়মিত টহল দেওয়া হচ্ছে।"