ফরিদপুরের ভাঙ্গায় দ্রুতগতির বাসের নিচে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ঢুকে পড়ে প্রাণ হারিয়েছেন দুই আরোহী। সোমবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাবনাতলা ব্রিজ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন পটুয়াখালী জেলার সুমখালী এলাকার আব্দুর রবের ছেলে আনিসুর রহমান (২৮) এবং বরিশালের গৌরনদী উপজেলার দিয়াশুর গ্রামের ফরিদ হাওলাদারের ছেলে সালাউদ্দিন (৩০)।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনিসুর রহমান ও সালাউদ্দিন মোটরসাইকেলে করে ঢাকা থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছিলেন। বাবনাতলা ব্রিজ এলাকায় বরিশাল থেকে ঢাকাগামী দশমিনা পরিবহনের একটি বাসের নিচে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি ঢুকে পড়ে। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী ওবায়দুল কবির জানান, দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
এসআই ওবায়দুল কবির আরও জানান, এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।