ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়ের বিশ্বরোড গোলচত্বর এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত অপর এক যুবক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় দুটি দ্রুতগতির মোটরসাইকেলের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার জিয়াকুলি গ্রামের ব্যবসায়ী শাহাদাত সরকারের ছেলে কলেজশিক্ষার্থী স্বাধীন হোসেন সরকার (২০) এবং ভাঙ্গা পৌরসভার হাজরাটি গ্রামের দুলাল কাজীর ছেলে এজাজুল কাজী (২০)। এজাজুল পেশায় রাজমিস্ত্রি ছিলেন। দুর্ঘটনায় গুরুতর আহত রাজন খান (২১) সোমবার রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত অপর যুবক নাসিম মাতুব্বর (২০) নগরকান্দার জিয়াকুলি গ্রামের রহমান মাতুব্বরের ছেলে। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় ঘোরাঘুরির উদ্দেশ্যে দুটি মোটরসাইকেলে করে চার যুবক বিশ্বরোড গোলচত্বর এলাকায় আসেন। একপর্যায়ে স্বাধীন ও তার সহযোগীরা একটি মোটরসাইকেলে জিয়াকুলি গ্রামের দিকে যাচ্ছিলেন। অন্যদিকে রাজন ও নাসিম আরেকটি মোটরসাইকেলে দক্ষিণপাড়া বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। গোলচত্বর এলাকায় পৌঁছালে মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চার আরোহী ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রাজন ও নাসিমকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে রাজনের মৃত্যু হয়।
এদিকে স্থানীয় বাসিন্দা রহিম ফকির বলেন, মোটরসাইকেল দুটি দ্রুতগতিতে চলছিল। এ কারণে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান মুক্তকণ্ঠকে বলেন, দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত অপর দুজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।