ফরিদপুরের ভাঙ্গায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হিটলার বিশ্বাস নামের একজন পুলিশ কনস্টেবল প্রাণ হারিয়েছেন। গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত পুলিশ সদস্য হিটলার বিশ্বাস গোপালগঞ্জ সদরের সাহাপুর ইউনিয়নের বড় ডোমরাসুর গ্রামের বাসিন্দা এবং সুভাষ চন্দ্র বিশ্বাসের পুত্র। তিনি ঢাকা জেলার দোহার উপজেলার শাইনপুকুর পুলিশ তদন্ত কেন্দ্রে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদ আহমেদ জানান, “হিটলার বিশ্বাস পূজার ছুটিতে বাড়িতে যাচ্ছিলেন বলে জানা গেছে। তাঁকে পেছন থেকে চাপা দিয়ে বাসটি দ্রুত সটকে পড়ে। চাপা দেওয়া বাসের চালককে আটক করতে পারিনি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, গতকাল দুপুরের দিকে শারদীয় দুর্গাপূজার ছুটিতে নিজ কর্মস্থল থেকে মোটরসাইকেলে করে গোপালগঞ্জে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন হিটলার বিশ্বাস। পথিমধ্যে ভাঙ্গার বাবলাতলা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা সার্বিক পরিবহনের একটি বাস তাঁকে চাপা দিয়ে চলে যায়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সোহাগ মিয়া বলেন, ‘দুর্ঘটনায় ওই পুলিশ সদস্য পেটে আঘাত পান। হাসপাতালে আনা হলেও আমরা চিকিৎসা দেওয়ার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান।’