দেশে নবায়নযোগ্য সৌরশক্তি উৎপাদন বৃদ্ধি এবং প্ল্যান্ট স্থাপনের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও যন্ত্রাংশ আমদানিতে ছয় মাসের শুল্ক-কর রেয়াতের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই প্রস্তাবটি অনুমোদন করা হয়। বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নবায়নযোগ্য সৌরশক্তি উৎপাদনের প্ল্যান্ট স্থাপনের লক্ষ্যে যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে ১ শতাংশের অতিরিক্ত কাস্টমস ডিউটি, সমুদয় রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর, আগাম কর এবং অগ্রিম আয়কর প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ১৮০ দিন পর্যন্ত মওকুফ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই ব্যবস্থার ফলে দ্রুততম সময়ে সৌর বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত হওয়ার পাশাপাশি বিদ্যুৎ ঘাটতি কমে শিল্প উৎপাদন অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। এতে উৎপাদন ব্যয় ও যন্ত্রপাতির ক্ষতি হ্রাস পেয়ে বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।