চট্টগ্রামে ক্যানসার চিকিৎসায় বিশ্বমানের সেবা নিশ্চিত করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম। ২০২৩ সালের জুনে এই হাসপাতালে 'কমপ্রিহেনসিভ ক্যানসার কেয়ার সেন্টার' চালু করার পর থেকে এ পর্যন্ত ২ হাজার ৫০০ জনের বেশি ক্যানসার রোগীকে রেডিওথেরাপি প্রদান করা হয়েছে। একই সময়ে সফলভাবে সম্পন্ন হয়েছে ছয়টি বোন ম্যারো ট্রান্সপ্লান্ট (বিএমটি)।

বিশ্ব রেডিওথেরাপি সচেতনতা দিবস উপলক্ষে সোমবার (৭ সেপ্টেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষ এসব তথ্য প্রকাশ করে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ক্যানসার আক্রান্ত প্রায় ৬০ শতাংশ রোগীর চিকিৎসার কোনো না কোনো পর্যায়ে রেডিওথেরাপির প্রয়োজন হয়ে থাকে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ রোগী সময়মতো সঠিক রেডিওথেরাপি পেয়ে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। আগে চট্টগ্রাম ও পার্শ্ববর্তী অঞ্চলের রোগীদের আধুনিক ক্যানসার চিকিৎসার জন্য ঢাকা অথবা বিদেশে যেতে হতো। বর্তমানে এভারকেয়ারে এই সুবিধা চালু হওয়ায় রোগীরা স্থানীয়ভাবেই মেডিকেল অনকোলজি, রেডিয়েশন অনকোলজি, সার্জিক্যাল অনকোলজি, হেমাটোলজি, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ও প্যালিয়েটিভ কেয়ারের সমন্বিত চিকিৎসা পাচ্ছেন।

হাসপাতালটির চিকিৎসকদের মতে, রোগীদের ধরন ও প্রয়োজন অনুযায়ী এখানে আইএমআরটি, ভিএমএটি, হাইপোফ্র্যাকশনেটেড রেডিওথেরাপি, এসবিআরটি ও এসআরটির মতো আন্তর্জাতিক মানের রেডিয়েশন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

এভারকেয়ার হসপিটালস বাংলাদেশের গ্রুপ মেডিকেল ডিরেক্টর ডা. আরিফ মাহমুদ বলেন, "আধুনিক প্রযুক্তির পাশাপাশি দক্ষ ও সমন্বিত মেডিকেল টিম থাকা আবশ্যক। আমরা রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে প্রতিশ্রুতবদ্ধ।"

ভিজিটিং সিনিয়র কনসালট্যান্ট (মেডিকেল অ্যান্ড রেডিয়েশন অনকোলজি) প্রফেসর ডা. সাজ্জাদ মোহাম্মাদ ইউসুফ বলেন, "চট্টগ্রামেই বিশ্বমানের চিকিৎসা সুবিধা তৈরি করা আমাদের লক্ষ্য ছিল। আড়াই হাজারের বেশি রোগীকে রেডিওথেরাপি দিতে পারা সেই অগ্রযাত্রারই একটি বড় অর্জন।"

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন রেডিওথেরাপি সার্ভিস কো-অর্ডিনেটর ডা. তানভীর আহমেদ এবং মেডিকেল সার্ভিসেস ডিরেক্টর ডা. হাসান শাহরিয়ার কবির। অনুষ্ঠানে অনকোলজি ও হেমাটোলজি বিভাগের চিকিৎসক ডা. ভাস্কর চক্রবর্তী, ডা. হাসনিনা আক্তার, ডা. নয়ন ভৌমিক এবং ডা. মেজবা উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।