মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার চড়ুইগাঁও এলাকায় একটি বসতবাড়ির পরিত্যক্ত খাদ থেকে অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা বাবলু দেব নিজ বাড়ির আঙিনায় থাকা ওই খাদের ভেতরে বিশালাকার অজগর দেখতে পেলে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে বিষয়টি জানান। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, সঞ্জিত দেব এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। দলটির যৌথ প্রচেষ্টায় সাপটি অক্ষত অবস্থায় খাদ থেকে বের করে আনা হয়।

উদ্ধারকৃত অজগরটি নিয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, "অজগরটি উদ্ধার করার পর কোনো ধরনের আঘাত ছাড়াই শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে অজগরটিকে বনাঞ্চলে অবমুক্ত করা হবে।"

বন বিভাগের তত্ত্বাবধানে প্রাণীটির স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হলে তাকে প্রাকৃতিক আবাসে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।