সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চলমান অনিয়ম, দুর্নীতি এবং রোগী ও স্বজনদের হয়রানির প্রতিবাদে আজ সোমবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেলা দুইটার দিকে রেজিস্টারি মাঠ থেকে শুরু হওয়া মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতি, জাগ্রত নারী উন্নয়ন সংস্থা বাংলাদেশ, সিলেট ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদ ও চা শ্রমিক ইউনিয়ন মালিনীছড়ার যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। পরবর্তীতে কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জাগ্রত নারী উন্নয়ন সংস্থা বাংলাদেশের সভাপতি কাপ্তান মিয়ার সভাপতিত্বে এতে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি লোকমান আহমদসহ আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা জানান, বৃহত্তর সিলেট ও উত্তর-পূর্বাঞ্চলের অসচ্ছল মানুষের চিকিৎসার অন্যতম প্রধান কেন্দ্র হওয়া সত্ত্বেও ওসমানী মেডিকেলে দীর্ঘদিন ধরে রোগী ও তাদের স্বজনরা নানা বিড়ম্বনার শিকার হচ্ছেন। হাসপাতালে প্রবেশের পর জরুরি বিভাগে ভর্তি, নিবন্ধন, ওয়ার্ড স্থানান্তর, পরীক্ষা-নিরীক্ষা ও লিফট ব্যবহারের মতো প্রতিটি ধাপেই তারা জটিলতার সম্মুখীন হন। পর্যাপ্ত ট্রলি ও লিফটের অভাবে গুরুতর অসুস্থ রোগীদের ভোগান্তি আরও বাড়ছে বলে বক্তারা অভিযোগ করেন।
সমাবেশ থেকে হাসপাতালের অনিয়ম ও দুর্নীতি সম্পূর্ণ বন্ধ, রোগী ও স্বজনদের হয়রানি নিরসন, জরুরি বিভাগের সেবা পরিবেশ উন্নয়ন, পর্যাপ্ত ট্রলি ও লিফটের ব্যবস্থা এবং নির্বিঘ্নে চিকিৎসা সেবা প্রদানের দাবি জানানো হয়। সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা কোনো রোগী বা স্বজন যেন অবহেলা ও হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে দাবিদাররা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান।