চ্যাম্পিয়নস লিগের মাঠে বল গড়ানোর আগে এ সপ্তাহে নেপালের জন্য নীরবতা পালন করা হবে। ভয়াবহ বন্যায় স্বজন হারানো পরিবারগুলোর পাশে থাকার বার্তা দেবে ইউরোপের ফুটবল। মাঠে তুলে ধরা হবে একটি ব্যানার, ‘নেপাল, তুমি একা নও।’
সোমবার (৭ সেপ্টেম্বর) উয়েফা জানিয়েছে, এ সপ্তাহে চ্যাম্পিয়নস লিগের প্রতিটি ম্যাচের আগে বন্যায় নিহতদের স্মরণ করা হবে। ক্ষতিগ্রস্ত মানুষ ও তাঁদের পরিবারের প্রতি সংহতি জানাতেই এই উদ্যোগ।
🤍 You are not alone, Nepal. This week, flood victims will be honoured with a moment of silence ahead of all UEFA Champions League matches. 🔗 https://t.co/fGLHBehd6R pic.twitter.com/VPH9DUJQlw — UEFA (@UEFA) September 7, 2026
🤍 You are not alone, Nepal. This week, flood victims will be honoured with a moment of silence ahead of all UEFA Champions League matches. 🔗 https://t.co/fGLHBehd6R pic.twitter.com/VPH9DUJQlw
উয়েফা সভাপতি আলেক্সান্দার চেফেরিন জানিয়েছেন, এই বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়ানোর পথে নেপালের মানুষের জন্য শক্তি ও মনোবল কামনা করছেন তারা। ইউরোপের ফুটবল পরিবার একসঙ্গে তাদের প্রতি সমবেদনা ও সমর্থন জানাবে।
গত ২৬ আগস্ট নেপাল–চীন সীমান্ত এলাকায় হিমবাহ ধসের পর ভয়াবহ বন্যা দেখা দেয়। স্রোতের সঙ্গে নেমে আসা বরফ, পাথর ও কাদায় ক্ষতিগ্রস্ত হয় বহু জনপদ।
রয়টার্সের সোমবারের প্রতিবেদন অনুযায়ী, এই দুর্যোগে নেপাল ও তিব্বত মিলিয়ে অন্তত ১ হাজার ৩৮০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন সাড়ে ৫ হাজারের বেশি মানুষ। তাদের খোঁজে উদ্ধারকাজ চলছে। নিহতদের স্মরণে সোমবার জাতীয় শোক পালন করেছে নেপাল।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ছয়টি ম্যাচ দিয়ে শুরু হবে চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমের লিগ পর্ব। বুধবার ও বৃহস্পতিবারও হবে ছয়টি করে ম্যাচ। এই ১৮ ম্যাচের প্রতিটিতেই নেপালের দুর্গত মানুষের পাশে থাকার বার্তা দেওয়া হবে।
এর আগেও ইউরোপের বাইরের দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের স্মরণ করেছে উয়েফা। ২০২৩ সালের সেপ্টেম্বরে মরক্কোর ভূমিকম্প ও লিবিয়ার বন্যায় নিহতদের প্রতিও একইভাবে শ্রদ্ধা জানিয়েছিল সংস্থাটি।