মুন্সীগঞ্জের মো. আল-আমিন হাইকোর্টে একটি রিট দায়ের করেছেন, যাতে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) এই রিটটি দায়ের করেন। তাঁর পক্ষে শুনানি করবেন আইনজীবী ইউনূস আলী।
আবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের ১২ মে প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ নিষিদ্ধ করা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে। এ ছাড়া প্রজ্ঞাপনটির কার্যক্রমও স্থগিত চাওয়া হয়েছে।
হাইকোর্ট সূত্রমতে, বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ রিটের ওপর শুনানি হতে পারে।
এর আগে গত বছরের ১২ মে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যেকোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো ধরনের প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ, সম্মেলন আয়োজনসহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হলো।