চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় হিজড়া সম্প্রদায়ের ‘গুরুমা’ মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমী হিজড়াকে (৫২) হত্যার মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. মোমিন ওরফে শেখ রনি (৩৪)। সোমবার নগরের পাহাড়তলী এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম জানান, সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করেই অভিযুক্তকে শনাক্ত করা সম্ভব হয়েছে। ফুটেজে দেখা যায়, ঘটনার রাতে মৌসুমীর বাসায় এক অচেনা যুবক এসেছিলেন। মৌসুমী নিজেই তাঁকে দরজা খুলে দেন এবং পরবর্তীতে বাসা থেকে বের হয়ে যেতেও তাকে দেখা যায়। ফুটেজের সূত্র ধরেই তাঁকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি মৌসুমীকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছেন।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, ঘটনার দিন রাত একটার দিকে মৌসুমী মোমিনকে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাসায় ডেকে নেন। এর আগেও একইভাবে তাকে ডাকা হয়েছিল। শুক্রবার রাতে বাসায় যাওয়ার পর মৌসুমী শারীরিক সম্পর্কের জন্য চাপ দিলে মোমিন তা প্রত্যাখ্যান করেন। এতে দুজনের মধ্যে তর্ক বেধে যায়। একপর্যায়ে নাইলনের ফিতা দিয়ে মৌসুমীর গলায় পেঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করার পর মোমিন পালিয়ে যান।
গত শনিবার সকালে আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া কলোনির একটি বাসায় খাটের ওপর মৌসুমীর লাশ পাওয়া যায়। লাশে গলায় আঘাতের চিহ্ন থাকলেও শরীরের অন্যান্য স্থানে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে খুলশী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ দাবি করেছে, ঘটনার দুই দিনের মধ্যেই এই হত্যার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়েছে।