রোয়াংছড়ি উপজেলা পর্যায়ে সম্পন্ন গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর হাডুডু বা কাবাডি আসরে কচ্ছপতলি আলোর পাঠশালার বালিকা দল শিরোপা জয় করেছে। টুর্নামেন্টের বালিকা বিভাগে চ্যাম্পিয়ন এবং বালক বিভাগে রানার্সআপ হয়ে এই প্রতিষ্ঠানের দুই দলই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
প্রথম ম্যাচে বেতছড়া স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে ফাইনালে উঠে কচ্ছপতলি আলোর পাঠশালার বালিকা একাদশ। রোমাঞ্চকর ফাইনাল ম্যাচে শক্ত প্রতিপক্ষ রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের বালিকা দলকে হারিয়ে তারা শিরোপা নিশ্চিত করেন। অন্যদিকে, বালক বিভাগেও দারুণ পারফরম্যান্স দেখিয়ে কচ্ছপতলি আলোর পাঠশালার বালক একাদশ রানার্সআপ হওয়ার কৃতিত্ব অর্জন করে।
বিদ্যালয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নিয়মিত পাঠক্রমের পাশাপাশি ক্রীড়া ও সহশিক্ষামূলক কার্যক্রমে এ ধরনের সাফল্য শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জোড়া সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের বন্যা বয়ে গেছে। বিজয়ী ও বিজিত সকল খেলোয়াড় ও সংশ্লিষ্ট কোচদের অভিনন্দন ও শুভকামনা জানানো হচ্ছে।