বগুড়া শহরের চেলোপাড়া এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগে ‘ডলার চানাচুর অ্যান্ড সেমাই কারখানা’ নামের একটি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজালালের নেতৃত্বে ওই কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেলসহ সংশ্লিষ্ট কর্মী এবং জেলা পুলিশের একটি দল নিরাপত্তা নিশ্চিত করেন।

নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল জানান, অভিযানে দেখা যায় কারখানাটিতে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করা হচ্ছে। সেখানে ময়লা মেঝেতে পা দিয়ে ময়দার ডো তৈরি এবং চানাচুরে মসলা মাখানো হচ্ছিল। এমনকি প্রস্তুতকৃত খাদ্যসামগ্রীও নোংরা মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে রাখা অবস্থায় পাওয়া যায়।

তিনি আরও জানান, কারখানাটিতে দীর্ঘদিন ব্যবহৃত পোড়া তেল দিয়ে চানাচুর ভাজা এবং অননুমোদিত ক্ষতিকর রাসায়নিক রং ব্যবহার করা হচ্ছিল। এছাড়া কারখানার শ্রমিকদের মধ্যেও ন্যূনতম স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কা করা হয়নি।

নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারা অনুযায়ী এসব অপরাধ স্বীকার করায় প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কর্মকর্তা মো. রাসেল।