ফরাসি ফুটবলার করিম বেনজেমার পুরোনো ক্লাব লিওঁতে ফেরার স্বপ্ন ভেঙেছে। সৌদি প্রো লিগের সাথে তার বর্তমান চুক্তির শর্তাবলীর কারণে এই সম্ভাবনা এখন প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ৩৮ বছর বয়সী এই ব্যালন ডি’অর জয়ী তারকা এক মৌসুম বিনা বেতনে খেলতেও রাজি ছিলেন, তবে চুক্তিবদ্ধ অবস্থায় তিনি লিওঁয়ের জার্সি পরতে পারবেন না।

ফরাসি সংবাদমাধ্যম লেকিপের প্রতিবেদন অনুযায়ী, এবারের গ্রীষ্মকালীন দলবদলের সময় লিওঁ কর্তৃপক্ষ বেনজেমাকে ঘরে ফিরানোর উদ্যোগ নিয়েছিল। পুরোনো ক্লাব ও নিজ শহরের প্রতি ভালোবাসা থেকেই তিনি বিনা পারিশ্রমিকে মাঠে নামতে আগ্রহ দেখিয়েছিলেন। তাঁর ঘনিষ্ঠজনরাও এই আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আলোচনা চলার সময় বেনজেমা আলহিলালের সাথে চুক্তিবদ্ধ ছিলেন। গত ৩১ আগস্ট দুপক্ষের সমঝোতায় সেই চুক্তি শেষ হলেও এখনও সৌদি প্রো লিগের দূত হিসেবে তাঁর চুক্তি ২০৩০ সাল পর্যন্ত বৈধ রয়েছে। লেকিপ জানিয়েছে, এই চুক্তিতে সৌদি লিগের বাইরে খেলার কোনো সুযোগ নেই। লিওঁতে ফেরার জন্য বিশেষ ছাড় লাগবে, যা পাওয়া প্রায় অসম্ভব।

লেকিপ আরও উল্লেখ করেছে, সৌদি লিগের প্রতি তাদের প্রতিশ্রুতি পালন করতে চান বেনজেমা। তাই বেতন ত্যাগ করার ইচ্ছাও তাঁর পুরোনো ক্লাবে ফেরার পথ রুদ্ধ করেছে। বিদায়ী বার্তায় আলহিলাল তাঁর অবদান, পেশাদারিত্ব ও নেতৃত্বের প্রশংসা করেছে।

২০০৯ সালে লিওঁ ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন বেনজেমা। সেখানে ১৪ মৌসুম ধরে ৬৪৮ ম্যাচে ৩৫৪ গোল করে ক্লাবের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে স্থান নেন। পাঁচটি চ্যাম্পিয়নস লিগসহ মোট ২৫টি শিরোপা জয় করেন। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ২০২২ সালে তাঁর হাতেই ওঠে ব্যালন ডি’অর।