ঝালকাঠির রাজাপুরে পুকুরের পানি তোলার সময় বৈদ্যুতিক জগ মেশিনের আঘাতে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাংগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকটির নাম বিপ্লব পাটিকর (২৭)। তিনি ওই এলাকার নির্মল পাটিকরের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানিয়েছে, সোমবার সকালে বিপ্লবসহ ৪-৫ জন পুকুরের পানি সেচে মাছ ধরার উদ্দেশ্যে বৈদ্যুতিক জগ মেশিন ব্যবহার করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিপ্লব বিদ্যুৎস্পৃষ্ট হন। দ্রুত তাৎক্ষণিক সহায়তা দিয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই বিপ্লব পাটিকরের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।