ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়ন বিভক্তির প্রস্তাবকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। এই ইস্যুতে পক্ষে ও বিপক্ষে পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণা আসায় সংঘাত এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ২টা থেকে শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টা পর্যন্ত গালুয়া বাজার ও এর সংলগ্ন এলাকায় এই আদেশ কার্যকর থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরী স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, গালুয়া বাজার ও পার্শ্ববর্তী এলাকায় মাইক বা শব্দবর্ধক যন্ত্রের ব্যবহার এবং পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে চলাচল, সমাবেশ, মিছিল ও সভা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। আদেশে সতর্ক করা হয়েছে যে, এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামালের একটি ডিও (ডেমি অফিসিয়াল) চিঠির মাধ্যমে রাজাপুর পৌরসভা গঠন এবং গালুয়া ইউনিয়নকে বিভক্ত করে দুটি আলাদা ইউনিয়নে রূপান্তরের প্রস্তাব দেওয়া হয়। এই প্রস্তাবটি প্রকাশ্যে আসার পর থেকেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
এর ফলে গালুয়া ইউনিয়নের অখণ্ডতা রক্ষার দাবিতে শুক্রবার বিকেল ৪টায় গালুয়া বাজারে মানববন্ধনের ডাক দেয় একটি পক্ষ। তাদের প্রচারিত লিফলেটে দাবি জানানো হয়েছে যে, ইউনিয়ন বিভক্তির উদ্যোগ বাতিল করতে হবে। পাশাপাশি প্রশাসনিক সেবার মানোন্নয়ন, জননিরাপত্তার স্বার্থে প্রয়োজনে পুলিশ ফাঁড়ি স্থাপন এবং গালুয়াকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার দাবি জানানো হয়।
অন্যদিকে, ‘বৃহত্তর পুটিয়াখালী’কে ৭ নম্বর ইউনিয়ন হিসেবে ঘোষণার দাবিতে একই দিন বিকেল ৩টায় গালুয়া ইউনিয়ন পরিষদের সামনে পৃথক মানববন্ধনের ডাক দেয় অন্য একটি পক্ষ। ‘বৃহত্তর পুটিয়াখালীর সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
একই এলাকায় এবং প্রায় কাছাকাছি সময়ে দুটি প্রতিদ্বন্দ্বী পক্ষের এমন কর্মসূচির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করতে বাধ্য হয়।
এ বিষয়ে রাজাপুর থানার ওসি (তদন্ত) মো. ফিরোজ কামাল জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে গালুয়া বাজার ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রাজাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম রেজা সজীব বলেন, “গালুয়া ইউনিয়ন বিভক্ত করার প্রস্তাবকে ঘিরে একই স্থানে দুটি পক্ষ পাল্টাপাল্টি মানববন্ধনের ডাক দিয়েছে। প্রশাসনিকভাবে মানববন্ধনে কোনো বাধা নেই, তবে একই স্থানে দুই পক্ষের কর্মসূচিতে আইনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকায় শুক্রবার দুপুর ২টা থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।”