কুমিল্লা জেলা পরিসংখ্যান কার্যালয়ের সরকারি ভবনে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বসবাস করছেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিএসডিবি) কুমিল্লা জেলার উপপরিচালক আতিকুর রহমান চৌধুরী। দাপ্তরিক বিধি লঙ্ঘন করে এই ভবনে থাকার পাশাপাশি তিনি প্রতি মাসে নিজ মূল বেতনের ৪০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা গ্রহণ করছেন বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, উপপরিচালক আতিকুর রহমান চৌধুরী তার স্ত্রী তসলিমা আক্তার ও সন্তানদের নিয়ে ওই কার্যালয়ের একটি অংশে বাস করছেন। তাঁর স্ত্রী কুমিল্লা সরকারি মহিলা কলেজের গণিত বিভাগের প্রভাষক। সরকারি নিয়ম অনুযায়ী অফিস ভবন শুধুমাত্র দাপ্তরিক কাজে ব্যবহার করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, "উপপরিচালক দীর্ঘদিন ধরে কার্যালয়ের ভবনে পরিবার নিয়ে থাকছেন। তিনি বাড়িভাড়া ভাতা পাচ্ছেন কি না, সেটিও কর্তৃপক্ষের খতিয়ে দেখা উচিত।"

ওই কর্মকর্তা আরও বলেন, "সরকারি ভবনে বসবাসের বিষয়টি যদি অনুমোদিতও হয়ে থাকে, তাহলে এর জন্য কী শর্ত রয়েছে এবং সেই শর্ত অনুযায়ী বাড়িভাড়া ভাতা পাওয়ার সুযোগ আছে কি না, তা নথি দেখে নিশ্চিত হওয়া প্রয়োজন।"

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপপরিচালক আতিকুর রহমান চৌধুরী বলেন, "গেস্টরুমের বিষয়ে আমি কথা বলতে পারব না।"

এ বিষয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. শামীমুল হকের বক্তব্য জানতে একাধিকবার ফোন করলেও তিনি যোগাযোগ করেননি। তবে পরিসংখ্যান ব্যুরোর পরিচালক (ভারপ্রাপ্ত) ও উপপ্রকল্প পরিচালক রফিকুল ইসলাম জানান, "এভাবে অফিসে থাকাটা ঠিক নয়।"