নির্বাচন কমিশন (ইসি) আগামী স্থানীয় সরকার নির্বাচনে উপজেলাভিত্তিক একযোগে ইউনিয়ন পরিষদ ভোট গ্রহণের পরিকল্পনা করছে। কমিশন সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রতিটি ইউনিয়নে আলাদাভাবে না করে একটি উপজেলাধীন সকল ইউনিয়নে একই সময়ে ভোট সম্পন্ন করা হবে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সচিব সাংবাদিকদের পাস কার্ড ইস্যু ও প্রচারনীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দেন। তিনি বলেন, সাংবাদিকদের কার্ড ইস্যু সংক্রান্ত বিষয়ে আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে একটি কমিটি সুপারিশ বা প্রস্তাবনা জমা দেবে। তাদের রিপোর্টের ওপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে নির্বাচন কমিশন।

নির্বাচনী প্রচারণায় নতুন পরিবর্তনের ইঙ্গিত দিয়ে সচিব স্পষ্ট করেন, এবারের নির্বাচনে সনাতন পদ্ধতির পোস্টার ব্যবহারের সুযোগ থাকছে না। তবে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল কবে ঘোষণা করা হবে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এদিকে, ভোটগ্রহণ যে একাধিক ধাপে অনুষ্ঠিত হবে, তা নিশ্চিত করে তিনি বলেন, নির্বাচন ৩, ৫ কিংবা ৯টি ধাপে সম্পন্ন হতে পারে।

এছাড়া, ঠাকুরগাঁও-১ আসনের শূন্যতা পূরণে অনুষ্ঠিতব্য উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহের মধ্যেই ঘোষণা করা হবে বলে জানান ইসি সচিব।