নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আগামী ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের ভোটের তারিখ চূড়ান্ত করা হবে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি এ তথ্য জানান।

আখতার আহমেদ বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে ভোট আয়োজনের সার্বিক প্রস্তুতি, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সক্ষমতা এবং প্রয়োজনীয় সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। "বৈঠকে নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতেই ভোটের তারিখ চূড়ান্ত করবে ইসি।"

এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর দেওয়া বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, তার বক্তব্যের পাল্টা বক্তব্য দেওয়ার ধৃষ্টতা তিনি দেখাবেন না। তবে ১৭ সেপ্টেম্বরের বৈঠকের পর ভোটের তারিখ নিয়ে কমিশনের অবস্থান স্পষ্ট হবে।

এদিকে, নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকারও মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গণমাধ্যমকে বলেন, স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত নয়। আগামী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এটি চূড়ান্ত হবে।