দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১২টায় সদর উপজেলার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম সরকারি সফরের দ্বিতীয় দিনে এই গুরুত্বপূর্ণ কর্মসূচি সম্পন্ন হলো। এর মাধ্যমে উত্তরাঞ্চলের এই অঞ্চলে উচ্চশিক্ষার নতুন দ্বার উন্মোচনের প্রত্যাশা আরও তীব্র হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) দুদিনের সরকারি সফরে হেলিকপ্টারযোগে ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে পৌঁছান রাষ্ট্রপতি। সেখানে জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয় এবং সার্কিট হাউসে রাষ্ট্রীয় গার্ড অব অনার দেওয়া হয়। সফরের প্রথম দিনে তিনি তার বাবা-মায়ের কবর জিয়ারত করেন। পরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেন। হাজারো মানুষের ভিড়ে সেই মাঠ ও আশপাশের সড়ক ও ভবনের ছাদগুলো ছিল জনাকীর্ণ।

শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দীর্ঘদিন ধরে এই জেলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছিলেন। বিশ্ববিদ্যালয়টি চালু হলে ঠাকুরগাঁও ও পার্শ্ববর্তী জেলার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ ব্যাপকভাবে বাড়বে বলে আশা করা হচ্ছে।

ভিত্তিপ্রস্তর স্থাপনের পর রাষ্ট্রপতি নিজ বাসভবনে ফিরে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম নেবেন। সার্কিট হাউসে আনুষ্ঠানিকতা শেষে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে ঠাকুরগাঁও ত্যাগ করবেন তিনি।