খেলাফত মজলিস জানিয়েছে, ইসলামি শরিয়া বিশেষজ্ঞদের পর্যালোচনা ও মতামত ছাড়া তড়িঘড়ি করে সংসদে পাস হওয়া সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল ২০২৬ গ্রহণযোগ্য নয়। সোমবার (৭ সেপ্টেম্বর) সংগঠনের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে এই অবস্থান তুলে ধরা হয়।

নেতৃদ্বয় জানান, সম্পত্তি হস্তান্তর আইন-১৮৮২-এর সাথে ‘১২২এ’ ও ‘১২২বি’ ধারা যুক্ত করে পিতা-মাতা কর্তৃক সন্তানদের সম্পত্তি হস্তান্তরের নতুন প্রক্রিয়া চালু করা হয়েছে। এই নতুন ব্যবস্থায় দাতা জীবিত থাকাকালীন সম্পত্তি ভোগ করতে পারবেন। অন্যদিকে, দাতার মৃত্যুর আগে গ্রহীতা যদি মারা যান, তবে ঐ সম্পত্তি গ্রহীতার ওয়ারিশদের কাছে চলে যাবে।

তারা উল্লেখ করেন, বাহ্যিকভাবে সুন্দর মনে হলেও এই সিভিল আইন এক বা একাধিক উত্তরাধিকারীকে বিশেষ সুবিধা দিয়ে অন্যদের বঞ্চিত করার পথ খুলে দিতে পারে। ফলে শরিয়াহসম্মত ন্যায়বিচার ও ফারায়েজের চেতনা লঙ্ঘিত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া, সংশোধিত আইনটির কিছু বিধান হানাফি ফিকহের প্রচলিত ‘হেবা’ ধারণার সাথে সাংঘর্ষিক ও বিতর্কিত বলে তারা মনে করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ জোর দিয়ে বলেন, সংশোধিত আইনটি শরিয়তের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা বিজ্ঞ আলেম ও ইসলামি আইন বিশেষজ্ঞদের মাধ্যমে যাচাই করা উচিত। একই সঙ্গে তাদের মতামত প্রকাশ্যে গ্রহণ করা আবশ্যক। ইসলামি আইনের নিজস্ব কাঠামো ব্যবহার করেই এই সিভিল আইনের বিকল্প ও শরিয়তসম্মত সমাধান বের করা সম্ভব। শরিয়া অনুমোদন করে না—এমন কোনো আইন বাংলাদেশে গ্রহণযোগ্য হবে না বলে সরকারকে স্মরণ করিয়ে দেন তারা।