নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে টয়লেটের ঢাকনা খোলা রাখাকে কেন্দ্র করে বিবাদে এক প্রতিবন্ধী বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গত ২৯ আগস্ট দুপুরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মমিনুর রহমান (৬০) ওই এলাকার বাসিন্দা। তিনি গত ৯ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগীর ছেলে মিলন মিয়া জানান, প্রতিবেশীরা তাদের বাড়ির টয়লেটের ঢাকনা খুলে রাখায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছিল। বাবা মমিনুর রহমান ওই টয়লেটের ঢাকনা বন্ধ করতে বললে সুমন রানা, তার স্ত্রী মনুফা বেগম, জাহিদুল হক ও তার ছেলে নিপ্পন হক মিলে বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন—পঞ্চপুকুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জিকরুল ইসলামের ছেলে সুমন রানা (৩১), তার স্ত্রী মনুফা বেগম (২৮), মৃত জালাল মাহমুদের ছেলে মো. জাহিদুল হক (৫৫) ও তার ছেলে নিপ্পন হক (২৬)।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান রোববার (৬ সেপ্টেম্বর) রাতে জানান, এ ঘটনায় একটি এজাহার পেয়েছেন। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।