কক্সবাজারের চকরিয়ায় পোষা বিড়ালকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। নিজের সন্তানের মতো লালন-পালন করা বিড়ালটিকে হারিয়ে বিচারের দাবিতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মালিক সামশুল আলম। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাজির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, সামশুল আলমের পোষা বিড়ালটি তার সঙ্গে বাড়ির পেছনে খালি জায়গায় যাচ্ছিল। এসময় প্রতিবেশী ফরিজা বেগমের পোষা কুকুরটি বিড়ালটিকে কামড় দেওয়ার চেষ্টা করে। তখন সামশুল আলম কুকুরটিকে ধাওয়া করে তাড়িয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে ফরিজা বেগম লাঠি নিয়ে বিড়ালটিকে এলোপাতাড়ি পেটান বলে অভিযোগ করেছেন সামশুল আলম।
এতে বিড়ালটি গুরুতর আহত হয়। পরে সেটিকে উদ্ধার করে চকরিয়া পশু হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিড়ালটির মালিক সামশুল আলম কান্নাজড়িত কণ্ঠে মুক্তকণ্ঠকে বলেন, বিড়ালটি শুধু একটি প্রাণী ছিল না, পরিবারের সদস্যের মতো ছিল। কোনো অপরাধ ছাড়াই তাকে এভাবে নিষ্ঠুরভাবে মেরে ফেলা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই, যাতে ভবিষ্যতে কেউ অবলা প্রাণীর ওপর এমন নির্যাতন করার সাহস না পায়।
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান মুক্তকণ্ঠকে বলেন, বিড়ালকে পিটিয়ে হত্যার বিষয়ে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, প্রাণীকল্যাণ আইন ২০১৯ অনুযায়ী প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ নির্দিষ্ট পরিস্থিতিতে দণ্ডনীয় অপরাধ।